বুধবার, ১৭ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

“উৎসবমুখর পরিবেশে আয়োজিত চট্টগ্রাম কলেজের নবীনবরণ অনুষ্ঠান”

Author

নাফিসা মালিয়াত সুবাহ্ , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ১৭ জুন ২০২৬ পাঠ: ৩ বার

নতুন ক্যাম্পাস, নতুন স্বপ্ন, নতুন বন্ধু, নতুন শিক্ষক আর অগণিত সম্ভাবনার হাতছানি নিয়ে শুরু হচ্ছে আগামী চারটি বছরের স্মরণীয় পথচলা। দীর্ঘ প্রতীক্ষা, ভর্তি-যুদ্ধ এবং নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে শতবর্ষী ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হিসেবে পদার্পণ করলাম আমরা।

গত ১৫ জুন কলেজ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নবীনবরণ উৎসব। সকাল থেকেই পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। নবীন শিক্ষার্থীদের চোখে-মুখে আগামীর স্বপ্ন, শিক্ষকদের আন্তরিক অভ্যর্থনা এবং সিনিয়রদের পরম সহযোগিতায় মুখরিত হয়ে উঠেছিল পুরো বিদ্যাপীঠ। নতুন বন্ধুদের সাথে পরিচয়, শিক্ষকদের সান্নিধ্য লাভের মধ্য দিয়ে দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও সম্মানিত শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে শিক্ষাজীবনে কঠোর অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, জ্ঞান অর্জন ও আত্মগঠনের আহ্বান জানানো হয়।

এই আয়োজনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল তখন, যখন এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের মঞ্চে দাঁড়িয়ে একজন নবীন শিক্ষার্থী হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করার পরম সৌভাগ্য হয়েছিল আমার। একঝাঁক নতুন সহপাঠী এবং শ্রদ্ধেয় শিক্ষকগণ ও অভিভাবকের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সেই অভিজ্ঞতা মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছিল।মুহূর্তটি যেমন আনন্দের ছিল,তেমন ছিল আবেগেরও।

দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর এই কাঙ্ক্ষিত ক্যাম্পাসে পা রাখতে পারার আনন্দ ও ভালো লাগা সবার সাথে ভাগ করে নেওয়ার সেই মুহূর্তটি ছিল সত্যিই অসাধারণ।

একজন নবীন শিক্ষার্থী হিসেবে এই দিনটি কেবল কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না; বরং এটি ছিল জীবনের এক নতুন ও অনন্য অধ্যায়ের সূচনা।

এই ঐতিহ্যবাহী সবুজ ক্যাম্পাসে গড়ে উঠবে নতুন নতুন বন্ধুত্ব, জমা হবে অসংখ্য সোনালী স্মৃতি, আর জন্ম নেবে জীবনের লক্ষ্য ছোঁয়ার গল্প। সময়ের নিয়মে হয়তো অনেক দিন কেটে যাবে, তবে এই নবীনবরণের স্মৃতি প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।

নাফিসা মালিয়াত সুবাহ্
শিক্ষার্থী,চট্টগ্রাম কলেজ।
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!