সাইয়্যিদুল ইস্তিগফার: ক্ষমা চাওয়ার সরদার
মানুষ সৃষ্টিগতভাবেই ভুলপ্রবণ। জীবনের পথচলায় মানুষ কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায় পাপ ও ভুল করে বসে। কারও পাপ কম, কারও বেশি। কারও পাপ ছোট, কারও পাপ বড়। তবে মানুষ মাত্রই কমবেশি ভুল ও গুনাহের সঙ্গে জড়িয়ে পড়ে। আর একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, সে পাপে অবিচল থাকে না। বরং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর কাছে বান্দার তওবা অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “সেই মহান সত্তার কসম, যাঁর হাতে আমার জীবন! যদি তোমরা গুনাহ না করতে, তবে আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিতেন এবং এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন।” (সহিহ মুসলিম) অর্থাৎ, এই হাদিস গুনাহ করাকে উৎসাহিত করে না। বরং মানুষের স্বভাবগত দুর্বলতা এবং তওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভের দরজা যে সর্বদা উন্মুক্ত, তা স্পষ্ট করে। শুধু তওবা কবুলই নয়, বান্দার তওবায় আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পেয়ে কোনো ব্যক্তি যতটা আনন্দিত হয়, বান্দার তওবায় আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম) আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য রাসূলুল্লাহ (সা.) উম্মতকে অসংখ্য দোয়া ও ইস্তিগফার শিখিয়েছেন। এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়া। হযরত শাদ্দাদ ইবনু আওস (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেছেন, “সাইয়্যিদুল ইস্তিগফার (সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার) হলো বান্দার এই বলা: ‘হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অবিচল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার প্রতি আপনার যে নিয়ামত রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও আমি স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।’ তিনি বলেন, ‘যে ব্যক্তি দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পাঠ করে এবং সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পাঠ করে এবং সকাল হওয়ার আগে মারা যায়, সেও জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে।” (সহিহ বুখারি) সাইয়্যিদুল ইস্তিগফারের দিকে একটু গভীরভাবে তাকালে এর অসাধারণ আবেদন ও তাৎপর্য উপলব্ধি করা যায়। দোয়াটির শুরুতেই রয়েছে আল্লাহর রবুবিয়্যাত ও একত্বের স্বীকৃতি। বলা হয়েছে, “হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।” এরপর রয়েছে নিজের পরিচয় ও অবস্থানের স্বীকৃতি। বলা হয়েছে, “আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।” অর্থাৎ, আমি আপনার সৃষ্টি, আপনার বান্দা এবং আমার প্রকৃত আশ্রয় একমাত্র আপনিই। এরপর বান্দা আল্লাহর সঙ্গে তার অঙ্গীকারের কথা স্মরণ করে এবং নিজের কৃতকর্মের অনিষ্ট থেকে তাঁর কাছে আশ্রয় চায়। তারপর আল্লাহর নিয়ামতের স্বীকৃতি এবং নিজের অপরাধের স্বীকারোক্তি আসে। সবশেষে আসে ক্ষমার আবেদন। বলা হয়, “আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।” এখানে আল্লাহর ‘গাফুর’ নামের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে?’ (আলে ইমরান:১৩৫) অন্যত্র আল্লাহ তাআলা বলেন, “কিন্তু সীমালঙ্ঘনের পর কেউ তওবা করলে ও সংশোধন করলে অবশ্যই আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আল মায়িদাহ, ৫:৩৯) তওবা কেবল মুখে “আস্তাগফিরুল্লাহ” বলা নয়। তওবার সঙ্গে থাকতে হয় অন্তরের অনুশোচনা, পাপ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প এবং সম্ভব হলে সেই পাপ সংশোধনের চেষ্টা। আর কারও হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা যথাসম্ভব সংশোধন করাও জরুরি। একজন বান্দা যখন অশ্রুসিক্ত চোখে তার রবের কাছে ফিরে এসে বলে, “হে আল্লাহ, আপনি আমার রব। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আপনি ছাড়া আমার কোনো সত্য উপাস্য নেই। আমি আপনার নিয়ামত স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। আমাকে ক্ষমা করে দিন”, তখন সে মূলত নিজের অসহায়ত্ব স্বীকার করে মহান রবের অসীম রহমতের আশ্রয় নিচ্ছে। আল্লাহ তাআলা পরম করুণাময়, অসীম দয়ালু এবং ক্ষমাশীল। তাঁর রহমতের দরজা বান্দার জন্য বন্ধ নয়। বরং বান্দা যতক্ষণ আন্তরিকভাবে তাঁর দিকে ফিরে আসে, ততক্ষণ তওবার সুযোগ রয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “গুনাহ থেকে তওবাকারী এমন, যেন সে কোনো গুনাহই করেনি।” (সুনান ইবনু মাজাহ)