শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পানির অপচয়: ধ্বংসের পথে পৃথিবী

Author

আমিমুল এহসান নাজিফ , ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ পাঠ: ১৭ বার

পানির অপচয়: ধ্বংসের পথে পৃথিবী
পানি মানুষের জীবনে নিত্যপ্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। পানি ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না। তাই বলা হয়, ‘পানির অপর নাম জীবন’। পৃথিবীর শেষ দিন পর্যন্ত পানির প্রয়োজন থাকবে। কিন্তু পানি অফুরন্ত নয়। পৃথিবীতে পানির পরিমাণ নির্দিষ্ট। ব্যবহারের ফলে পানির মজুত কমে আসে। বৃষ্টির পানি মাটিতে প্রবেশ করে এবং মাটির বিভিন্ন স্তরের মধ্য দিয়ে ভূগর্ভে সঞ্চিত হয়। কিন্তু পানি পুনর্ভরণের তুলনায় বেশি পরিমাণে উত্তোলন ও ব্যবহার করায় ধীরে ধীরে পানির সংকট দেখা দিচ্ছে। এভাবে চলতে থাকলে একপর্যায়ে ভূগর্ভস্থ পানির মজুত মারাত্মকভাবে কমে যেতে পারে। বর্তমান পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো পানির অপচয়। পৃথিবীর উপরিভাগের প্রায় ৭১ শতাংশ পানি এবং ২৯ শতাংশ স্থলভাগ। অর্থাৎ, পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশ জল এবং এক-চতুর্থাংশ স্থল। পৃথিবীতে বিপুল পরিমাণ পানি থাকলেও তার অধিকাংশই মানুষের পানের অযোগ্য। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট পানির ৯৭.৫ শতাংশই লবণাক্ত পানি, যা মহাসাগর, সাগর ও উপসাগরগুলোতে রয়েছে। অবশিষ্ট মাত্র ২.৫ শতাংশ হলো মিঠাপানি। এই ২.৫ শতাংশ মিঠাপানির সবটুকুও মানুষের ব্যবহারের জন্য সহজলভ্য নয়। এর অধিকাংশই হিমবাহ এবং উত্তর ও দক্ষিণ মেরুর বরফাবৃত অঞ্চলে জমাট বেঁধে আছে। প্রায় ৩০.১ শতাংশ পানি ভূগর্ভস্থ পানিরূপে মাটির নিচে সঞ্চিত রয়েছে। অবশিষ্ট মাত্র ১.২ শতাংশ পানির মধ্যে রয়েছে হ্রদ, নদী, জলাভূমি ও বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পানি। সাধারণ হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট পানির মাত্র ০.৫ থেকে ১ শতাংশ মানুষের ব্যবহারের জন্য সহজলভ্য। এই স্বল্প পরিমাণ পানির অতিরিক্ত ব্যবহারের ফলে পৃথিবীতে দিন দিন মিঠাপানির সংকট দেখা দিচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সর্বশেষ প্রতিবেদন এবং আন্তর্জাতিক ভূগর্ভস্থ পানি কেন্দ্র (IGRAC)-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে নিয়মিত পর্যবেক্ষণ করা কূপ ও ভূগর্ভস্থ পানির পর্যবেক্ষণকেন্দ্রগুলোর প্রায় ৬৫ শতাংশ বা দুই-তৃতীয়াংশ এলাকাতেই পানির স্তর ঐতিহাসিক স্বাভাবিক সীমার নিচে নেমে গেছে। এর মধ্যে ৩৪ শতাংশ পর্যবেক্ষণকেন্দ্রে পানির স্তর চরমভাবে নিচে নেমে যাওয়ার চিত্র পাওয়া গেছে, যা আগের বছরগুলোর তুলনায় দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের প্রায় ২৯ শতাংশ প্রধান অ্যাকুইফারে পানির স্তর প্রতি বছর ক্রমাগত কমছে। পানি সংকটের এই চরম অবস্থা থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের পরিস্থিতিও আশঙ্কাজনক। জলবায়ু পরিবর্তন এবং ঢাকা মেগাসিটির অতিরিক্ত পানির চাহিদার কারণে বাংলাদেশে ভূগর্ভস্থ পানির সংকট সবচেয়ে তীব্র রূপ নিয়েছে। ঢাকা ওয়াসার প্রাতিষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২০০১ সালে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৯.৬ মিটার গভীরে। ২০২৪-২০২৬ সালের দিকে এসে তা ১০৯ মিটারে গিয়ে ঠেকেছে। অর্থাৎ, গত দুই যুগে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রায় ৭০ মিটার নিচে নেমে গেছে এবং প্রতি বছর গড়ে প্রায় ৩ মিটার করে নিচে নামছে। গবেষকেরা সতর্ক করেছেন যে, এভাবে পানির স্তর নিচে নামতে থাকায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নওগাঁ ও রাজশাহী এবং ফেনী-ময়মনসিংহের মতো সমতল বা সীমান্তবর্তী অঞ্চলেও শুষ্ক মৌসুমে সাধারণ নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। এসব অঞ্চলে প্রতি বছর পানির স্তর ১ থেকে ৩ মিটার নিচে নেমে যাচ্ছে। অথচ, বাংলাদেশে ব্যবহৃত পানির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ আসে ভূগর্ভস্থ উৎস থেকে। এভাবে পানির স্তর নিচে নেমে গেলে দেশের মানুষ একসময় চরম পানি সংকটে ভুগবে। এ ছাড়া গবেষকেরা বলছেন, এভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামতে থাকলে ভবিষ্যতে মাটির দেবে যাওয়ার মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। শুধু তা-ই নয়, পৃথিবীতে একসময় পানির এমন সংকট দেখা দিতে পারে যে, তখন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হবে পানি। আর এই পানিকে কেন্দ্র করে সারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হতে পারে। আধুনিক বিজ্ঞান ও বৈশ্বিক পরিবেশবিষয়ক সংস্থাগুলোর গবেষণা বলছে, আগামী দিনে যুদ্ধ বা সংকটের কারণ খনিজ তেল নয়, বরং পানি হতে পারে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, জাতিসংঘের গবেষকেরা সতর্ক করেছেন যে, পৃথিবী এখন আর কেবল ‘সাময়িক পানি সংকটে’ নেই, বরং এটি ‘বৈশ্বিক পানি দেউলিয়াত্ব’ বা স্থায়ী ঘাটতির যুগে প্রবেশ করেছে। বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এখন পানি-অনিরাপদ দেশে বাস করছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্বের পানির চাহিদা ও জোগানের মধ্যে ব্যাপক ঘাটতি তৈরি হবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (MIT) আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের গবেষণায় জলবায়ু পরিবর্তনের মডেল বিশ্লেষণ করে দেখা গেছে যে, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তীব্র পানি সংকটাপন্ন এলাকায় বসবাস করবে।
বিশ্ব সম্পদ ইনস্টিটিউটের (WRI) প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের যেসব অঞ্চল সবচেয়ে বেশি পানি ঝুঁকিতে পড়বে, ভারত ও দক্ষিণ এশিয়া তার মধ্যে অন্যতম। বাংলাদেশেও ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। এই জটিল ও কঠিন পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পানির অপচয় কমাতে হবে, অন্যদেরও পানির অপচয় সম্পর্কে সচেতন করতে হবে এবং পানির অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। পানির অপচয় রোধ করা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং ধর্মীয় দায়িত্বও। পানির অপচয় করতে নিষেধ করেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে, ‘হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সাদ (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, যখন তিনি অজু করছিলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে দেখে বললেন, ‘হে সাদ! এ অপচয় কেন?’ সাদ (রা.) আরজ করলেন, ‘ইয়া রাসুলাল্লাহ! অজুতেও কি অপচয় হয়?’ নবীজি (সা.) বললেন, ‘হ্যাঁ, এমনকি তুমি যদি প্রবহমান নদীর তীরেও অজু করো, তবুও অপচয় করো না।’ (সুনানে ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ) শুধু পানির অপচয় নয়, বরং যাবতীয় বিষয়ে অপচয় থেকে বেঁচে থাকার জন্য কোরআন-হাদিসে জোর নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না’। (সূরা আল-আ’রাফ: ৩১) অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত: ২৭) পানির অপচয় সাধারণত বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন, অযথা পানির কল ছেড়ে রাখা, গোসলের সময় অতিরিক্ত পানি ব্যবহার করা, কোনো কিছু ধোয়ার ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি পানি খরচ করা, কলকারখানায় ব্যাপক পরিমাণে পানি ব্যবহার করা এবং এআই প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তিতে বিপুল পরিমাণ পানির প্রয়োজন হওয়া। অন্যদিকে, কলকারখানা ও পরিবেশদূষণের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর ফলে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে শহরাঞ্চলে গাছপালা প্রায় নেই বললেই চলে। অথচ, বৃষ্টির পানি মাটিতে প্রবেশ করে ভূগর্ভস্থ পানির মজুত পুনর্ভরণে ভূমিকা রাখে। এমতাবস্থায়, শহরাঞ্চলের ভূগর্ভস্থ পানির মজুত দিন দিন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর প্রভাব ধীরে ধীরে সারাদেশে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। পৃথিবী ক্রমাগত এক অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, বিশ্বের পরিবেশবিষয়ক সংস্থা, সরকার এবং আমাদের প্রত্যেক সচেতন নাগরিকের সোচ্চার হতে হবে। পানির অপচয়, অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা উজাড়, কলকারখানায় অতিরিক্ত পানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সুপরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর সবকিছুই আমাদের সম্পদ। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনে এসব দিয়েছেন। আমাদের উচিত, নিজেদের সব সম্পদ রক্ষা করা এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা। আমরা সচেতন হলে বাঁচবে আমাদের সম্পদ, বাঁচবে পৃথিবী।
লেখক: উপ-দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২২ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।