পরিবর্তনশীল সমাজে পরিবারের ভূমিকা
https://epaper.banglabazarpatrika.net/edition/698/epaper-june-14-2026/page/4#
পরিবর্তনশীল সমাজে পরিবারের ভূমিকা
সমাজ সবসময় পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারা, চিন্তাভাবনা, মূল্যবোধ এবং সম্পর্কের ধরন নিত্য পাল্টে। প্রযুক্তির অকল্পনীয় অগ্রগতি, নগরায়ণ, কর্মসংস্থানের ধরন পরিবর্তন এবং বৈশ্বিক সংস্কৃতির প্রভাব-সব মিলিয়ে আজকের সমাজ আগের চেয়ে অনেক ভিন্ন। এই পরিবর্তিত বাস্তবতায় পরিবারের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যদিও তার রূপ অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। মানুষ সমাজবদ্ধ জীব। বাঁচতে ও বাড়তে গেলে তার সমাজের প্রয়োজন আছে। পরিবার হলো মানবসমাজের সবচেয়ে প্রাচীন ও মৌলিক প্রতিষ্ঠান। একসময় যৌথ পরিবার ব্যবস্থাই ছিল সমাজের প্রধান কাঠামো, যেখানে একসঙ্গে একাধিক প্রজন্মের বসবাস করতেন। দাদু-দিদা, বাবা-মা, সন্তান-সন্ততি সবাই মিলেই একটি বড় পরিবার গড়ে উঠত। সেখানে শিশুদের নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং জীবনযাপনের নিয়ম শেখার প্রধান কেন্দ্র ছিল পরিবার। কিন্তু আধুনিক নগরজীবনের ব্যস্ততা, চাকরির প্রয়োজনে বিভিন্ন জায়গায় স্থানান্তর এবং ব্যক্তিকেন্দ্রিক জীবনধারার কারণে এখন যৌথ পরিবার ক্রমশ হারিয়ে যাচ্ছে। ছোট বা একক পরিবার-ই এখন বেশি দেখা যায়। এই পরিবর্তন পরিবারের ভূমিকা কমিয়ে দেয়নি, বরং তার দায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। আজকের দিনে পরিবার শুধু সহাবস্থানের জায়গা নয়, বরং মানসিক সহায়তা, মূল্যবোধ গঠন এবং নিরাপত্তার একটি প্রধান কেন্দ্র। সমাজ যত আধুনিক হচ্ছে, মানুষের মানসিক চাপ ক্রমশ বাড়ছে। প্রতিযোগিতামূলক শিক্ষা, কর্মক্ষেত্রের অনিশ্চয়তা এবং সামাজিক তুলনার কারণে মানুষ ক্রমেই মানসিকভাবে চাপগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে পরিবারই হয়ে ওঠে সবচেয়ে বড় মানসিক আশ্রয়। বিশেষ করে শিশু ও কিশোরদের বিকাশে পরিবারের ভূমিকা এখনো অপরিবর্তনীয়। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান দেয়, কিন্তু জীবনবোধ শেখায় নিজ পরিবার। একটি শিশুর চরিত্র গঠন, শৃঙ্খলা, সহানুভূতি এবং নৈতিকতা প্রথম শেখায় পরিবার। যদি পরিবারে ইতিবাচক পরিবেশ না থাকে, তবে শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আধুনিক সমাজে পরিবারের দায়িত্ব আরও সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে প্রযুক্তির প্রভাব পরিবারের কাঠামোকে পরিবর্তন করেছে। আজ অনেক পরিবারে দেখা যায়, একই ঘরে বসবাস করেও সবাই আলাদা আলাদা ডিজিটাল জগতে ব্যস্ত। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন বিনোদন পারিবারিক যোগাযোগকে অনেক ক্ষেত্রে দুর্বল করে দিচ্ছে। আগে যেখানে পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাতেন, গল্প করতেন বা সিদ্ধান্ত নিতেন, এখন সেখানে মোবাইল স্ক্রিন অনেক সময় প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এই পরিবর্তন একদিকে সুবিধা দিয়েছে, অন্যদিকে দূরত্বও তৈরি করেছে। সুবিধার দিক হলো, এখন দূরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। ভিডিও কল, চ্যাট এবং সামাজিক মাধ্যম পরিবারকে যুক্ত রাখছে। কিন্তু এর বিপরীতে বাস্তব উপস্থিতির গুরুত্ব কমে যাচ্ছে, যা সম্পর্কের গভীরতাকেও প্রভাবিত করছে। আধুনিক সমাজে আরেকটি বড় পরিবর্তন হলো নারীর কর্মজীবনে অংশগ্রহণ। আগে যেখানে অধিকাংশ নারী গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিলেন, এখন তারা শিক্ষা, চাকরি ও ব্যবসায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এটি সামাজিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক। তবে এর ফলে পরিবারের দায়িত্ব বণ্টনের বিষয়টি নতুনভাবে ভাবতে হচ্ছে। পরিবার এখন আর এককভাবে একজনের ওপর নির্ভরশীল নয়; বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। বয়স্কদের ভূমিকা ও অবস্থানও পরিবর্তিত হয়েছে। যৌথ পরিবার ভেঙে যাওয়ায় অনেক প্রবীণ মানুষ একাকীত্বে ভুগছেন। আগের মতো পারিবারিক যত্ন ও সঙ্গ এখন অনেক ক্ষেত্রে কমে গেছে। এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে পরিবারে বয়স্কদের প্রতি দায়িত্ববোধ ও যত্নের বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। পরিবর্তিত সমাজে পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সামাজিক মূল্যবোধ রক্ষা করা। যখন বাহ্যিক সমাজে দ্রুত পরিবর্তন ও নানা ধরনের প্রভাব দেখা যায়, তখন পরিবারই স্থিতিশীলতার প্রতীক হিসেবে কাজ করে। একটি সুস্থ পরিবার সমাজে সহনশীলতা, নৈতিকতা এবং মানবিকতার ভিত্তি গড়ে দেয়। বিপরীতে, দুর্বল পারিবারিক কাঠামো সমাজে অপরাধ, বিচ্ছিন্নতা এবং মানসিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। পরিবর্তিত সমাজে পরিবারের ভূমিকা কমেনি, বরং আরও জটিল ও গুরুত্বপূর্ণ হয়েছে। পরিবার এখন শুধু বসবাসের জায়গা নয়, বরং মানসিক শক্তি, নৈতিক শিক্ষা এবং সামাজিক ভারসাম্যের মৌলিক কেন্দ্র। প্রযুক্তি, নগরায়ণ ও আধুনিকতার প্রভাব যতই বাড়ুক না কেন, পরিবারই মানুষের জীবনের সবচেয়ে স্থায়ী ও নির্ভরযোগ্য আশ্রয়।
