শৈশবে সোনালি ঈদের স্মৃতি
শৈশবের সোনালি ঈদের স্মৃতি
ঈদ মানেই উৎসবের উচ্ছ্বাস, যার প্রাণকেন্দ্রে রয়েছে শৈশবের সোনালি দিন। তখন ঈদের সকাল পূর্ণতা পেত বড়দের কাছ থেকে পাওয়া সালামির হাত ধরে। টাকার অঙ্ক সেখানে তুচ্ছ ছিল, বরং প্রাপ্তির মাঝেই লুকিয়ে ছিল নির্মল সুখ। সেই সময়ের আরেক মধুর অনুষঙ্গ ছিল ঈদকার্ড বিনিময়। ৫ বা ১০ টাকায় কেনা সেই ছোট্ট কার্ডগুলোর আবেদন ছিল অমূল্য, যা আপনজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিত। চাঁদরাতে দল বেঁধে আনন্দমিছিল আর নানারকম স্লোগানে মুখরিত হতো চারপাশ। সেদিন পড়ার কোনো চাপ থাকত না, তাই সবাই মিলে মেতে উঠতাম লুকোচুরি, কানামাছি বা গোল্লাছুটের মতো গ্রামীণ খেলায়। পুরো বাড়িজুড়ে বিরাজ করত অন্যরকম এক উৎসবের আমেজ। এর পাশাপাশি নতুন জামা লুকিয়ে রাখার এক মিষ্টি প্রতিযোগিতা চলত। নিজেরটা কেউ দেখে ফেললে মনে হতো ঈদের আনন্দই ফিকে হয়ে গেল, অথচ অন্যের জামা দেখতে পাওয়ার মাঝে ছিল সীমাহীন রোমাঞ্চ! আজ যান্ত্রিক ও ডিজিটাল যুগের ব্যস্ততায় শৈশবের সেই অকৃত্রিম উৎসবের আমেজ অনেকটা হারিয়ে গেলেও, স্মৃতির ক্যানভাসে তা আজও জীবন্ত।
— ফারনাজ মুক্তা, শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ, নরসিংদী।
লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
