শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কপ-৩১: প্রতিশ্রুতির হিসাব রাখে কে?

Author

সরফরাজ শিপন , সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ পাঠ: ১১ বার

 

কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে। ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় চলছে এর ৩১তম আসর, কপ-৩১। এবার তুরস্ক সম্মেলনের সভাপতিত্ব করছে, আর অস্ট্রেলিয়া পালন করছে আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব।

প্রতিবারের মতো এবারও বড় বড় ঘোষণা আসবে, মঞ্চে করমর্দনের ছবি উঠবে। কিন্তু বাংলাদেশের একজন কৃষক কিংবা উপকূলের একজন গৃহিণীর কাছে প্রশ্নটা অনেক সোজা : ঘোষণার টাকা শেষ পর্যন্ত কোথায় যায়, আর তার হিসাবই বা রাখে কে?

২০২৪ সালে কপ-২৯ সম্মেলনে ধনী দেশগুলো ঠিক করেছিল, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন করবে। বিভিন্ন উৎস মিলিয়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর প্রচেষ্টার কথাও বলা হয়েছিল। কিন্তু এই অঙ্ক প্রয়োজনের পাশে রাখলেই ফাঁক ধরা পড়ে। সম্প্রতি ঢাকার এক সেমিনারের অবস্থানপত্রে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ২০৩০ সালে উন্নয়নশীল দেশগুলোর শুধু অভিযোজনের জন্যই বছরে ৩১০ থেকে ৩৮৫ বিলিয়ন ডলার লাগতে পারে। অথচ ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি উৎস থেকে অভিযোজনে এসেছে মাত্র ২৬ বিলিয়ন ডলার। ভাগ কষলে প্রয়োজনের সাত থেকে আট শতাংশ। প্রতি একশ টাকার দরকারে হাতে পৌঁছেছে আট টাকারও কম।

বাংলাদেশের নিজস্ব হিসাবে চিত্রটা আরো কঠিন। জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলার দরকার, অর্থাৎ বছরে গড়ে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন। কিন্তু ২০২১ থেকে ২০২৩ সালে আন্তর্জাতিক উৎস থেকে বছরে গড়ে এসেছে মাত্র ৪০০ মিলিয়ন ডলার, যা প্রয়োজনের পাঁচ শতাংশেরও কম।

টাকাটা আসছে কোন শর্তে, সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। ওই সেমিনারের প্রবন্ধ অনুযায়ী, ২০২৪ সালে উন্নয়নশীল দেশগুলোর জন্য সরকারি জলবায়ু অর্থায়নের প্রায় ৬৭ শতাংশই ছিল ঋণ, অনুদান নয়। যে দেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, তাকেই ক্ষতি সামলাতে ঋণ নিতে হচ্ছে। সেই ঋণের কিস্তি টানতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বিনিয়োগের সুযোগ আরো সংকুচিত হচ্ছে। বন্যায় ঘর ভেসে যাওয়া মানুষটিকে নৌকা ধার দিয়ে সুদ আদায় করার সঙ্গে এর তফাত সামান্যই।

এই সংখ্যার আড়ালে আছে মাঠের বাস্তবতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ এর মতে, দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৪৪ দশমিক ৬৭ শতাংশ কৃষিতে। খরা, আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন আর তাপমাত্রার ঊর্ধ্বগতি সেই কৃষিকে অনিশ্চিত করে তুলছে। উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নামায় সেচের খরচ বাড়ছে। উপকূলের ১৯টি জেলায় প্রায় চার কোটি মানুষের বাস, আর সেখানকার ৬২ শতাংশ জমি, অর্থাৎ প্রায় ১০ লাখ ৬০ হাজার হেক্টর, কোনো না কোনো মাত্রায় লবণাক্ততায় আক্রান্ত। ফলনহানি, আয় কমে যাওয়া আর ঋণের বোঝা অনেক কৃষক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে।

এই বোঝার সবচেয়ে ভারী অংশ বইছেন নারী কৃষকরা। কৃষিশুমারি ২০২০ অনুযায়ী কৃষিজমির মালিক বা অধিকারীদের মধ্যে নারী মাত্র ১২ দশমিক ৩২ শতাংশ, অর্থাৎ প্রতি আটজনে একজনেরও কম। জমির মালিকানা না থাকায় অনেকে কৃষিঋণ ও বিমার বাইরে থেকে যান। কৃষিশ্রমে মজুরি বৈষম্য আছে, আর উপকূলে নিরাপদ পানির জন্য দূরে যেতে হলে বাড়ে সময় ও শ্রমের বোঝা। অভিযোজনের অর্থ এই নারীদের কাছে না পৌঁছালে সেটা অভিযোজন নয়, কাগুজে হিসাব।

হিসাব শুধু ধনী দেশের একার নয়, বাংলাদেশেরও নিজের অঙ্গীকার আছে। বৈশ্বিক নিঃসরণে আমাদের অবদান মাত্র ০ দশমিক ৪৪ শতাংশ। তবু ২০২৫ সালে জমা দেওয়া তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদানে (এনডিসি ৩ দশমিক ০) দেশ ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক প্রবণতার তুলনায় ২০ দশমিক ৩১ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য রেখেছে। এর ৬ দশমিক ৩৯ শতাংশ নিজস্ব সম্পদে সম্ভব, বাকি ১৩ দশমিক ৯২ শতাংশ নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তার ওপর। অর্থাৎ আমাদের লক্ষ্যের প্রায় ৬৯ শতাংশ অন্যের কথা রাখার অপেক্ষায়। ধনী দেশ প্রতিশ্রুতি না রাখলে তাই শুধু আমাদের টাকাই আসে না, আমাদের নিজের অঙ্গীকারও ঝুলে যায়।

তাহলে হিসাব রাখবে কে? এ প্রশ্ন এখন মূলধারার বিশ্লেষকরাও তুলছেন : প্রতিশ্রুত অর্থের কতটা ছাড় হলো, কতটা অনুদান, আর ক্ষতিগ্রস্তরা কতটা পেলেন, এসবের পরিমাপযোগ্য উত্তর চাই। উত্তরটা তিন স্তরে খুঁজতে হবে। আন্তর্জাতিক স্তরে দাতা দেশগুলোকে প্রতিশ্রুতি ও প্রকৃত ছাড়ের হিসাব আলাদা করে প্রকাশ করতে হবে : কতটা নতুন ও অতিরিক্ত, কতটা পুরোনো বরাদ্দের নতুন নাম, কতটা অনুদান আর কতটা ঋণ। জাতীয় স্তরে সরকারকে দেখাতে হবে, কোন প্রকল্পে কত বরাদ্দ হলো : কত খরচ হলো এবং তা কতটা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গেল। আর স্থানীয় স্তরে ইউনিয়ন ও উপজেলার মানুষ যেন জানতে পারেন, তাদের এলাকার জন্য কী এসেছে এবং তাতে কৃষক ও নারীর আয় কতটা বাড়ল। হিসাব না পৌঁছালে প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতিই থাকে।

নাগরিক সমাজের দাবিগুলো তাই যুক্তিসংগত। জলবায়ু অর্থায়ন হতে হবে পর্যাপ্ত, সহজে প্রাপ্য ও মূলত অনুদানভিত্তিক। স্বল্পোন্নত ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য থাকতে হবে নতুন ও অতিরিক্ত অর্থ। ক্ষয়ক্ষতির অর্থ পৌঁছাতে হবে দ্রুত ও সরাসরি ক্ষতিগ্রস্তের কাছে।

আন্তালিয়ার সম্মেলনকক্ষ থেকে আমাদের কোনো উপজেলার মাঠের দূরত্ব হাজার হাজার কিলোমিটার। সেই দূরত্ব পার হয়ে প্রতিশ্রুতি যদি কৃষকের হাতে না পৌঁছায়, তবে সম্মেলন যত সফলই হোক, আমাদের জন্য তা সফল নয়। তাই কপ-৩১-এর আসল পরীক্ষা নতুন ঘোষণায় নয়, পুরোনো ঘোষণার হিসাব দেওয়ায়।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।