ইবাদতের অন্তরালে ভালোবাসা
আমাদের সিজদা কি আতঙ্কের, নাকি ভালোবাসার? আমরা আল্লাহকে কেন মানি? শাস্তির ভয়ে, নাকি তাঁকে ভালোবেসে?
ছোটবেলা থেকেই সমাজের মানুষ ও বিভিন্ন ওয়াজ-মাহফিলের বয়ানে আমাদের বোঝানো হয়, আল্লাহকে ভয় করতে হবে, নইলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। অনেক ক্ষেত্রে আযাবের বিষয়টি অধিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়, যার ফলে মানুষের মনে ভয়-ভীতি ও শাস্তি থেকে বাঁচার আকুতি প্রবল হয়ে ওঠে। কিন্তু একই সঙ্গে মনে একটি প্রশ্নও জাগে— আল্লাহ কি তবে কেবল শাস্তিদাতাই? যিনি আমাদের এত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, যিনি আমাদের ভেতর রূহ দান করেছেন, তাঁকে কি কেবল আতঙ্কের দৃষ্টিতে দেখাই যথার্থ?
ইসলামে আল্লাহকে ভয় পাওয়ার অর্থ কেবল শাস্তির আতঙ্কে ভীত হওয়া নয়। এর অর্থ তাঁর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করা এবং তাঁর নির্ধারিত সীমা লঙ্ঘন না করা। এই ভয় মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, অন্যায় থেকে বিরত রাখে। এর গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।
কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন ভয়ই ইবাদতের একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। তখন স্রষ্টার সঙ্গে মানুষের সম্পর্কটি অসম্পূর্ণ থেকে যায়। ভয় মানুষকে কোনো কাজ থেকে বিরত রাখে, আর ভালোবাসা কোনো কাজের প্রতি আকৃষ্ট করে। দুটির ভূমিকা ভিন্ন। কেবল শাস্তির ভয় ইবাদতের পূর্ণাঙ্গ প্রেরণা হতে পারে না।
মানুষের স্বভাবে ভয় ও ভালোবাসা দুটি অনুভূতিই বিদ্যমান। কিছু হারানোর আশঙ্কা মানুষকে ভীত করে, আর কোনো কিছুর প্রতি গভীর অনুরাগ তাকে কাছে টেনে নেয়। স্রষ্টার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এই দুই অনুভূতিরই স্থান রয়েছে। প্রশ্ন হলো, আমরা কোন অনুভূতিকে বেশি প্রাধান্য দিচ্ছি?
একই কাজের পেছনে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। একজন হয়তো একান্তে পাপ থেকে বিরত থাকে শাস্তির ভয়ে। অন্যজন বিরত থাকে, কারণ সে তার প্রিয় স্রষ্টাকে অসন্তুষ্ট করতে চায় না। বাহ্যিকভাবে দুজনের আচরণ একই রকম মনে হতে পারে। কিন্তু অন্তর্জগতে তাদের অবস্থান এক নয়।
যখন মানুষ আল্লাহকে ভালোবাসে, তখন ইবাদতের স্বরূপই বদলে যায়। তখন তা আর কেবল দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং তা হয়ে ওঠে ভালোবাসা প্রকাশের ভাষা। মানুষ যেমন প্রিয়জনকে খুশি করতে নিজের ইচ্ছাকে সংযত করে, তেমনি আল্লাহর প্রতি ভালোবাসাও মানুষকে তার প্রবৃত্তি, অহংকার ও অন্যায় আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠতে শেখায়। এখানে আনুগত্যের অর্থ শুধু নির্দেশ পালন নয়; বরং যাঁকে ভালোবাসি, তাঁর পছন্দ ও সন্তুষ্টিকে নিজের জীবনের সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া।
অনেক সুফি সাধক তাঁদের সাধনায় এই ভাবনাটিকে গুরুত্ব দিয়েছেন। তাঁদের কাছে ইবাদতের গভীরতম প্রেরণা ছিল প্রেম। স্রষ্টার প্রতি প্রেম এমন এক অনুভূতি, যা মানুষকে হিসাব-নিকাশের ঊর্ধ্বে নিয়ে যায়। সেখানে ইবাদত জান্নাত লাভ কিংবা জাহান্নাম থেকে মুক্তির হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং সাধনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্রষ্টার নৈকট্য লাভ।
রাবেয়া বসরীর কথা আমরা অনেকেই জানি। তাঁর সাধনার মূল আকাঙ্ক্ষা ছিল প্রতিদান কিংবা শাস্তির হিসাবের ঊর্ধ্বে উঠে আল্লাহকে ভালোবাসা। তাঁর এই ভাবনা আমাদেরকে বোঝায় ভালোবাসার জন্য সবসময় প্রতিদানের প্রয়োজন হয় না।
আমরা অনেক সময় ইবাদতকে হিসাবের খাতায় পরিণত করি। কোন আমলে কত সওয়াব, কোন ভুলের জন্য কী শাস্তি— এই হিসাবের মধ্যেই আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকে। ভালোবাসার ক্ষেত্রে কেবল হিসাব-নিকাশের স্থান নেই। একজন মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সেই প্রিয় সত্তার উপস্থিতি ও সন্তুষ্টিই তার কাছে বড় প্রাপ্তি হয়ে ওঠে। স্রষ্টার প্রতি ভালোবাসার ক্ষেত্রেও এমন উপলব্ধি তৈরি হতে পারে। তখন মানুষ শুধু নিজের মুক্তির কথাই ভাবে না; কৃতজ্ঞতা থেকেও ইবাদতে মনোনিবেশ করে।
আল্লাহর একটি সুন্দর নাম হলো ‘আল-ওয়াদুদ’, যার অর্থ— পরম প্রেমময়। এই নামের মধ্যেই স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের একটি কোমল দিক নিহিত রয়েছে। আল্লাহ কেবল ক্ষমতাবানই নন; তিনি দয়াময় ও ক্ষমাশীলও।
কুরআনে তিনি বলেছেন, “(হে রাসুল!) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।”— (সূরা আলে ইমরান, আয়াত: ৩১)। এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। আল্লাহকে ভালোবাসার দাবি করব, অথচ তাঁর দেখানো পথে চলার চেষ্টা করব না— তা হতে পারে না। ভালোবাসা কেবল মুখের কথায় সীমাবদ্ধ নয়; এর প্রকাশ ঘটে আচরণে ও সিদ্ধান্তে। আল্লাহর প্রতি প্রেম মানুষকে দায়িত্বহীন করে না; বরং আরও সচেতন করে তোলে। এখানে ভালোবাসা ও আনুগত্য পরস্পরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক।
প্রকৃত ভালোবাসার একটি বৈশিষ্ট্য হলো, তা অহংকারকে খর্ব করে। স্রষ্টার প্রতি ভালোবাসা যখন গভীর হয়, তখন নিজের ক্ষমতা, অর্জন কিংবা অবস্থান নিয়ে বড়াই করার প্রবণতা কমে আসে। মানুষ উপলব্ধি করতে শেখে, তার অস্তিত্বের পেছনে এমন এক সত্তার অনুগ্রহ রয়েছে, যাঁর কাছে সে প্রতিনিয়ত মুখাপেক্ষী। এই বোধ শুধু ইবাদতে বিনয় আনে না, মানুষের সঙ্গে আচরণেও কোমলতা সৃষ্টি করে। যে ব্যক্তি স্রষ্টার কাছে বিনয়ী হতে শেখে, তার পক্ষে অন্য মানুষকে তুচ্ছজ্ঞান করা কঠিন হয়ে পড়ে।
কুরআনে আল্লাহ তায়ালা আরও বলেছেন, “আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাঁর (আল্লাহর) দিকেই ফিরে আসো। নিশ্চয়ই আমার প্রতিপালক পরম দয়ালু ও প্রেমময়।”— (সূরা হুদ, আয়াত: ৯০)। আয়াতটিতে শুধু সতর্কবাণীই নেই; রয়েছে আশ্রয়ের অনুভূতিও। মানুষ ভুল করে, সীমা লঙ্ঘন করে, কখনো প্রবৃত্তির কাছে পরাজিত হয়। কিন্তু ভুলের পর ফিরে আসার পথ উন্মুক্ত থাকে। ক্ষমা প্রার্থনা ও ফিরে আসার এই আহ্বানের মধ্যে নতুন করে শুরু করার সুযোগ নিহিত রয়েছে। আমাদের জীবনে এমন সময় আসে, যখন নিজের ভুলের কারণে আমরা ভেঙে পড়ি। নিজেকে ক্ষমার অযোগ্য বলে মনে হয়। অথচ আল্লাহর রহমতের ধারণা মানুষকে হতাশার মধ্যে আটকে থাকতে দেয় না। তাঁর ক্ষমাশীলতার প্রতি বিশ্বাস মানুষকে ফিরে আসার সাহস জোগায়। নিজের ভুল উপলব্ধি করে সংশোধনের চেষ্টা করাও আত্মিক যাত্রার একটি অংশ। তাই স্রষ্টার প্রতি ভালোবাসা কেবল সুসময়েই সীমাবদ্ধ নয়; কঠিন সময়েও তাঁর কাছে ফিরে যাওয়ার আশ্রয় তৈরি করে। এই আশ্রয়ের অনুভূতিই ধর্মীয় জীবনে প্রশান্তি নিয়ে আসে।
আমাদের দৈনন্দিন চর্চায় এই আশ্রয়ের অনুভূতিটি প্রায়ই আড়ালে পড়ে যায়। কতটুকু পাপ করলাম, কতটুকু শাস্তি হবে, কোন কাজের কী পরিণতি— এসব হিসাব করতে করতে আমরা দয়া ও ভালোবাসার কথা ভুলে যাই। অথচ আত্মিক জীবন কেবল ভুলের হিসাব দিয়ে পরিমাপ করা যায় না। সেখানে অনুশোচনা আছে, সংশোধন আছে, কৃতজ্ঞতা আছে, বিশ্বাস আছে। একজন মানুষ যখন ক্ষমা প্রার্থনা করে, তখন সে শুধু শাস্তি এড়াতে চায় না; বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এমন এক সত্তার কাছে ফিরে যায়, যাঁর দয়ার ওপর তার গভীর আস্থা রয়েছে।
ভালোবাসা মানুষকে ভেতর থেকে পরিবর্তিত করে। যে আল্লাহকে ভালোবাসে, সে কেবল আনুষ্ঠানিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; তার আচরণে সততা আসে, মানুষের প্রতি দয়া জন্মায়, অন্যের অধিকার রক্ষার সচেতনতা তৈরি হয়। কারণ স্রষ্টার প্রতি ভালোবাসা যদি সৃষ্টির প্রতি আচরণে কোনো কোমলতা না আনে, তাহলে সেই ভালোবাসার গভীরতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই আল্লাহর সন্তুষ্টি কামনা করার অর্থ শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়; বরং তাঁর সৃষ্টির প্রতিও দায়িত্বশীল হওয়া।
প্রকৃতির দিকে তাকালেও এই বোধ জাগ্রত হয়। ভোরের আলো, বৃষ্টির শব্দ, বৃক্ষের সবুজতা কিংবা রাতের আকাশ— গভীর মনোযোগ দিয়ে দেখলে মনে হয়, আমরা এক বিশাল সৃষ্টিজগতের অংশ। প্রতিদিনের পরিচিত দৃশ্যগুলোও তখন নতুন অর্থ নিয়ে সামনে আসে। যে আলোয় আমরা পথ চলি, যে বাতাসে শ্বাস নিই, সেসবের জন্য কৃতজ্ঞতা অনুভব করাও স্রষ্টার প্রতি ভালোবাসারই একটি প্রকাশ। তখন ইবাদত আর শুধু নির্দিষ্ট সময়ের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে না; বরং জীবনের প্রতিটি প্রাপ্তির মধ্যে স্রষ্টার অনুগ্রহ খুঁজে পাওয়ার মানসিকতায় পরিণত হয়।
এই কথার অর্থ এই নয় যে, শাস্তি কিংবা আখিরাতের জবাবদিহিকে অস্বীকার করতে হবে। বরং ভয়, আশা ও ভালোবাসার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। ভয় মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে, আশা তাকে আল্লাহর রহমতের প্রতি আস্থাশীল করবে, আর ভালোবাসা তাকে স্রষ্টার সান্নিধ্যের দিকে আকৃষ্ট করবে। এই তিনটি অনুভূতি পরস্পরকে অস্বীকার করে না; বরং একসঙ্গে মিলেই ধর্মীয় উপলব্ধিকে পূর্ণতা দেয়।
এই জগতে সবচেয়ে খাঁটি অনুভূতিগুলোর একটি হলো ভালোবাসা— হোক তা মানুষের প্রতি মানুষের কিংবা খোদার প্রতি মানুষের। তবে স্রষ্টার প্রতি ভালোবাসা কোনো পার্থিব সম্পর্কের সীমায় আবদ্ধ নয়, এটি এমন এক অনুভূতি, যেখানে মানুষ নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করেও অসীমের দিকে ধাবিত হয়। মানুষের সিজদায় কেবল শাস্তি থেকে মুক্তির আকুতি থাকবে না; সেখানে থাকবে কৃতজ্ঞতা, আত্মসমর্পণ এবং প্রিয় স্রষ্টার সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা। তখন সিজদা আর কেবল আনুগত্যের প্রকাশ থাকে না; হয়ে ওঠে এক প্রেমময় সত্তার সান্নিধ্য লাভের আকুলতা।
জান্নাতুন নার্গিস চৈতী
শিক্ষার্থী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
