শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

একই শহর, দুই বাস্তবতা: কারও হাতে বই, কারও হাতে ফুল।

Author

মোঃ খালিদ হাসান , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬ পাঠ: ৩২ বার

প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাওয়ার পথে প্রায়ই এমন কিছু দৃশ্য চোখে পড়ে, যা সহজে উপেক্ষা করা যায় না। যেমন ধরুন, রাস্তার পাশে ছোট ছোট শিশুদের ফুল বিক্রি করা, গাড়ির জানালার পাশে দাঁড়িয়ে কিছু বিক্রির জন্য অনুনয়-বিনয় করা, আবার কারো কারো  মানুষের কাছে হাত পাতার দৃশ্য। অথচ এই বয়সে তাদের থাকার কথা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে, হাতে থাকার কথা বই-খাতা, চোখে থাকার কথা নতুন পৃথিবী আবিষ্কারের স্বপ্ন।

একই শহরে, একই সময়ে, একই প্রজন্মের কেউ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখছে, আর কেউ জীবিকার তাগিদে শৈশবকেই বিক্রি করে দিচ্ছে। প্রশ্ন জাগে, একটি দেশের শিশুদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের জন্মপরিস্থিতিই কি সবচেয়ে বড় নিয়ামক হয়ে থাকবে? জন্মের পর একটি শিশু কোন পরিবারে, কোন আর্থসামাজিক বাস্তবতায় বেড়ে উঠবে, তার ওপরই কি নির্ভর করবে সে বই হাতে নেবে, নাকি জীবিকার বোঝা কাঁধে তুলে নেবে? এটি কেবল কয়েকটি শিশুর দুর্ভাগ্য নয়; এটি আমাদের সমাজের সুযোগের অসমতা, অর্থনৈতিক বৈষম্য এবং শিশুদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার একটি প্রতিচ্ছবি।

এটি কি নিছক কিছু বিচ্ছিন্ন দৃশ্য, নাকি আমাদের সমাজের গভীরে প্রোথিত বৈষম্যেরই প্রতিচ্ছবি? এই বাস্তবতার ব্যাপকতা বুঝতে এবার চোখ ফেরানো যাক পরিসংখ্যানের দিকে। ইউনিসেফের ২০২৪ সালের এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ৩৪ লাখেরও বেশি শিশু রাস্তাকেন্দ্রিক পরিস্থিতিতে বসবাস করছে, যাদের অনেকেই পিতামাতার যত্ন ও স্বাভাবিক পারিবারিক সুরক্ষা থেকে বঞ্চিত। অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের MICS 2025-এর তথ্য বলছে, উচ্চ মাধ্যমিক বয়সী শিশুদের ৩৩.৯ শতাংশই শিক্ষার বাইরে। অর্থাৎ একটি বড় অংশের শিশু শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। এই পরিসংখ্যানগুলো কেবল কিছু সংখ্যা নয়; এগুলোর প্রতিটির পেছনে লুকিয়ে  রয়েছে একটি করে অসমাপ্ত শৈশব, অপূর্ণ স্বপ্ন এবং অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন হলো, যে বয়সে একটি শিশুর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার কথা, সেই বয়সেই কেন তাকে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হচ্ছে?

এই বৈষম্যের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো দরিদ্র্যতা ও পারিবারিক অসচ্ছলতা। অনেক পরিবারের কাছে সন্তানের শিক্ষার খরচ বহন করার চেয়ে পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ করাই বড় চ্যালেঞ্জ। ফলে যে বয়সে একটি শিশুর হাতে বই থাকার কথা, সেই বয়সেই তাকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। অন্যদিকে, শিক্ষার সুযোগ বাড়লেও তা সবার জন্য সমানভাবে সহজলভ্য হয়ে ওঠেনি। আর্থিক সংকট, শিক্ষার ব্যয় এবং সামাজিক বাস্তবতা অনেক শিশুকে ধীরে ধীরে শিক্ষার মূলধারা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তবে এই পরিস্থিতির দায় কেবল পরিবারের নয়; রাষ্ট্রের নীতিগত সীমাবদ্ধতা এবং দায়িত্ব পালনে ঘাটতির বিষয়টিও এখানে উপেক্ষা করার সুযোগ নেই।

কিন্তু প্রশ্ন হলো, এই বৈষম্যের চক্র ভাঙতে রাষ্ট্র ও সমাজের করণীয় কী? এই বৈষম্য দূর করতে হলে রাষ্ট্র ও সমাজ—উভয়কেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রথমেই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে হবে। দরিদ্র পরিবারের শিশুদের উপবৃত্তি, বিনামূল্যে শিক্ষা উপকরণ এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিশুশ্রম প্রতিরোধে বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ জরুরি। একই সঙ্গে আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে Conditional Cash Transfer-এর আওতায় শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির শর্তে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে। পাশাপাশি Universal Child Benefit চালুর মাধ্যমে শিশুদের মৌলিক চাহিদা পূরণে পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়া এবং Free School Meals Programme-এর মাধ্যমে বিদ্যালয়ে বিনামূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা প্রয়োজন। অন্যদিকে, সমাজের সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পথশিশুদের জন্য নিরাপদ আশ্রয়, মৌলিক শিক্ষা ও স্বাভাবিক শৈশবে ফিরে আসার সুযোগ তৈরি করা জরুরি। সর্বোপরি, কোনো শিশুর ভবিষ্যৎ যেন তার পরিবারের আর্থিক সামর্থ্য দিয়ে নির্ধারিত না হয়, তা নিশ্চিত করাই রাষ্ট্র ও সমাজের সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত।

একই শহরে কারও হাতে বই আর কারও হাতে ফুল—এই বৈপরীত্য একদিন মুছে যাক। প্রতিটি শিশুর হাতে ফুল বিক্রির দায় নয়, নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার তুলে দিতে পারাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

 

মোঃ খালিদ হাসান

আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

লেখক: সাধারণ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।