শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিচারব্যবস্থায় আস্থার সংকট: সংস্কারই কি সমাধান?

Author

রাকিবুল হাসান মুন্না , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬ পাঠ: ১৯ বার

ন্যায়বিচারের আশায় বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরে জীবনের শেষ সময়ে রায় পাওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতা বাংলাদেশের বিচারব্যবস্থায় এক চিরচেনা বাস্তবতায় পরিণত হয়েছে। কোনো অন্যায়ের শিকার হয়ে কিংবা ক্ষুণ্ণ অধিকার পুনরুদ্ধারের আশায় একজন সাধারণ মানুষ যখন আদালতের দ্বারস্থ হন তখন তিনি কল্পনাও করতে পারেন না, ন্যায়বিচারের এই আইনি লড়াই কতটা দীর্ঘ ভঙ্গুর হতে পারে। বছরের পর বছর ধরে তারিখের পর তারিখ পরিবর্তন আর আদালতের বারান্দায় অন্তহীন অনুৎপাদক যাতায়াত বিচারিক প্রক্রিয়ার জটিল চক্রে পিষ্ট হতে হতে বহু বিচারপ্রার্থী শেষ পর্যন্ত সামাজিকভাবে ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন। বিচারব্যবস্থা যেখানে নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল হওয়ার কথা, সেখানে মামলার দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা জনমনে গভীর হতাশা সৃষ্টি করেছে। ‘বিলম্বে বিচার লাভ বস্তুত বিচার না পাওয়ারই সমতুল্য’—আইনের এই চিরন্তন সত্য আজ আর তাত্ত্বিক বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যন্ত্রণাদায়ক বাস্তবতা হয়ে ধরা দিচ্ছে। বিচারপ্রার্থীর এই দীর্ঘস্থায়ী ভোগান্তি ব্যক্তি বা তাঁর পরিবারের ক্ষতির গণ্ডি ছাড়িয়ে রাষ্ট্রের বিচারিক কাঠামোর সক্ষমতা, কার্যকারিতা এবং নৈতিক ভিত্তিকেও গুরুতর প্রশ্নের মুখে দাঁড় করায়। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করা, সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি হারানো আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা আজ জাতীয় জীবনে অন্যতম প্রধান মানবিক চ্যালেঞ্জ।

বাংলাদেশের বিচারব্যবস্থায় মামলাজটের ব্যাপকতা সরকারি পরিসংখ্যান ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ২০২৬ সালের ৭ জুলাই জাতীয় সংসদে আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের সব স্তরের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টিতে। স্তরভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এই মামলাজটের সিংহভাগ চাপ কেন্দ্রীভূত রয়েছে দেশের অধস্তন আদালতগুলোতে। এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি, যা মোট মামলাজটের প্রায় ৮৮ শতাংশ। অন্যদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫ লাখ ২২ হাজার ৩৩১টি এবং আপিল বিভাগে ৩৮ হাজার ৭১৩টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিচারাধীন মামলার ধরন বিশ্লেষণ করলে আরও একটি উদ্বেগজনক সামাজিক বাস্তবতা সামনে আসে। বর্তমানে দেশের সব আদালতে বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি, যা মোট মামলাজটের প্রায় ৬১ শতাংশ। অপরদিকে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি। অধস্তন আদালতগুলোতে মামলার এই বিপুল চাপ, বিশেষত ফৌজদারি মামলার আধিক্য ইঙ্গিত দেয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত সুরক্ষা ও অধিকার সংশ্লিষ্ট বিরোধগুলো দীর্ঘসূত্রতার শিকার হচ্ছে। এসব পরিসংখ্যান বিচারিক কাঠামোর ধারণ ক্ষমতার ওপর অতিরিক্ত চাপের বিদ্যমান সংকটের গভীরতাও তুলে ধরে।

বিচারপ্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতার সামাজিক প্রভাব অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। একজন অপরাধের শিকার ভুক্তভোগী যখন বছরের পর বছর ধরে বিচারালয়ে ঘুরেও ন্যায়বিচার পান না, তখন তার ভেতরে আইনের প্রতি শ্রদ্ধা কিংবা বিশ্বাসের মূল ভিত্তিটি চুরমার হয়ে যায়। বিচার পাওয়ার এই দীর্ঘ ক্লান্তিকর অপেক্ষার ফলে ভুক্তভোগী এবং তার পরিবার চরম মানসিক যন্ত্রণা, সামাজিক নিরাপত্তাহীনতা, আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অন্যদিকে অপরাধ সংঘটনের পর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অপরাধীদের মধ্যে একধরনের ভীতিহীনতা তৈরি হয়। বিচারপ্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর লেগে যাওয়ার সুযোগ নিয়ে অপরাধীরা আইনের ফাঁকফোকর কিংবা সাক্ষ্যপ্রমাণের দুর্বলতাকে কাজে লাগাতে পারে। এতে অপরাধের পুনরাবৃত্তির ঝুঁকিও বাড়ে। আইনি দর্শনে সুপ্রতিষ্ঠিত একটি নীতি হলো, আইনের প্রতি মানুষের আনুগত্য অনেকাংশে নির্ভর করে অপরাধের বিচার নিশ্চিত হওয়া এবং যথাসময়ে ন্যায়বিচার পাওয়ার ওপর। যে সমাজে বিচার পেতে বিলম্বই নিয়মে পরিণত হয়, সেখানে আইনের প্রতি মানুষের আস্থা ক্রমেই ক্ষয় হতে থাকে। একপর্যায়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত মানুষ বিকল্প পথ খুঁজতে গিয়ে অনৈতিক উপায় অবলম্বন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বিপজ্জনক প্রবণতায় জড়িয়ে পড়তে পারে। তাই বিচারবিলম্ব রোধ করা বিচারালয়ের সার্বিক সামাজিক শান্তি, শৃঙ্খলা ও রাষ্ট্রের মৌলিক স্থিতিশীলতার সাথে সরাসরি যুক্ত।

বাংলাদেশের বিচারব্যবস্থায় মামলাজট অস্বাভাবিক বিলম্বের পেছনে কোনো একক কারণ দায়ী নয়; বরং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও বিচারিক পদ্ধতির সীমাবদ্ধতা সম্মিলিতভাবে এ সংকটকে গভীর করেছে। প্রাতিষ্ঠানিক বাস্তবতার নিরিখে বিচারবিলম্বের পাঁচটি প্রধান কারণ চিহ্নিত করা যায়। প্রথমত, মামলার বিপুল চাপের তুলনায় বিচারকের স্বল্পতা বিচারিক সক্ষমতায় বড় ঘাটতি তৈরি করেছে। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ৪৭ লাখ ৪২ হাজার ৭১৩টি মামলা বিচারাধীন ছিল। মামলার এই বিপুল চাপ সামাল দিতে বিচারকের অনুমোদিত পদসংখ্যা, শূন্য পদ এবং বিদ্যমান জনবল বিচারিক চাহিদার তুলনায় কতটা পর্যাপ্ত, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়ত, ফৌজদারি মামলার তদন্তে দীর্ঘসূত্রতা কারিগরি দক্ষতার ঘাটতি শুরু থেকেই বিচারপ্রক্রিয়াকে ধীর করে দেয়। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল না করা কিংবা অসম্পূর্ণ প্রতিবেদন জমা দেওয়ার কারণে বিচার কার্যক্রম শুরুতেই বিলম্বিত হয়। তৃতীয়ত, সাক্ষীদের সময়মতো আদালতে হাজির করা এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সীমাবদ্ধতা বিচার নিষ্পত্তির পথে বড় বাধা। প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার অভাবেও সাক্ষীরা আদালতে উপস্থিত হতে অনীহা প্রকাশ করতে পারেন, ফলে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়। চতুর্থত, অপ্রয়োজনীয় মুলতবি বা অ্যাডজার্নমেন্ট মঞ্জুরের প্রবণতা বিচারিক সময়ের অপচয় ঘটায়। পক্ষগুলোর কৌশলগত অবস্থান কিংবা আইনজীবীদের ব্যস্ততার কারণে বারবার শুনানি পেছানোর সংস্কৃতি মামলার নিষ্পত্তি বিলম্বিত করে। পঞ্চমত, আধুনিক প্রযুক্তির সমন্বিত ডিজিটাল কেস ম্যানেজমেন্ট ব্যবস্থার সীমিত ব্যবহার বিচারিক প্রশাসনকে ধীর করে রাখে। ম্যানুয়াল পদ্ধতিতে নথিপত্র সংরক্ষণ, তথ্য অনুসন্ধান মামলার অগ্রগতি ব্যবস্থাপনায় অতিরিক্ত সময় ব্যয় হয়, যা দ্রুত বিচার নিশ্চিত করার পথে অন্তরায়। এসব কারণ সম্মিলিতভাবে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘসূত্রতার চক্রে আটকে রেখেছে।

একটি সভ্য সমাজে অপরাধ নিয়ন্ত্রণে নাগরিকদের মধ্যে নিরাপত্তাবোধ নিশ্চিত করার অন্যতম প্রধান পূর্বশর্ত হলো বিচারব্যবস্থার প্রতি জনগণের সুদৃঢ় আস্থা বজায় রাখা। সাধারণ মানুষ যখন বিশ্বাস করেন যে আদালতের দ্বারস্থ হলে যুক্তিসংগত সময়ের মধ্যে ন্যায়বিচার পাওয়া সম্ভব তখন ব্যক্তিগত কিংবা সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তাঁরা আইনি পথ অনুসরণে উৎসাহিত হন। বিপরীতে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হলে আইনের প্রতি মানুষের আস্থা ক্রমেই ক্ষয় হতে থাকে। অপরাধের বিচার যথাসময়ে সম্পন্ন করে অপরাধীকে আইনানুগ শাস্তির আওতায় আনা গেলে তা সম্ভাব্য অপরাধীদের জন্য প্রতিরোধক হিসেবে কাজ করে। অপরদিকে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে গুরুত্বপূর্ণ আলামত ও সাক্ষ্যপ্রমাণ নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। এতে প্রকৃত অপরাধীর শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনের মধ্যে বিদ্যমান অবিচ্ছেদ্য সম্পর্ক অটুট রাখতে বিচারালয়গুলোকে দ্রুত, নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত প্রদানে সক্ষম করে তুলতে হবে। বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে অপ্রয়োজনীয় বিলম্ব কমানো গেলে অপরাধ দমনে কার্যকারিতা বাড়বে, একই সঙ্গে রাষ্ট্রের বিচারিক কাঠামোর প্রতি জনগণের আস্থাও সুদৃঢ় হবে।

বিচারব্যবস্থার প্রতি জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে বাস্তবসম্মত, সময়াবদ্ধ বিচারিক পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। এ লক্ষ্যে তুলনামূলকভাবে সরল ফৌজদারি মামলার ক্ষেত্রে মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সর্বোচ্চ ৩৬৫ দিনের একটি বিচারিক মডেল প্রস্তাব করা যেতে পারে। তবে এ সময়সীমা বাস্তবায়নের ক্ষেত্রে মামলার প্রকৃতি, সাক্ষ্যপ্রমাণের পরিমাণ এবং অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের অধিকার বিবেচনায় রাখতে হবে। প্রস্তাবিত মডেলটি ছয়টি ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। প্রথম ধাপে, ৩০ দিনের মধ্যে মামলার নিবন্ধন, প্রয়োজনীয় নথিপত্র যাচাই, সমন জারি ও প্রাথমিক শুনানির সময়সূচি নির্ধারণের কাজ সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপে, ৩১ থেকে ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট পুলিশ বা তদন্তকারী সংস্থাকে তদন্ত সম্পন্ন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দাখিল নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৭৩বি ধারা বিশেষভাবে প্রাসঙ্গিক। ২০২৬ সালের সংশোধনীর মাধ্যমে সংযোজিত এ ধারায় অপরাধসংক্রান্ত তথ্য পাওয়ার তারিখ থেকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করার বিধান রয়েছে। যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়ে তদন্ত শেষ করা সম্ভব না হলে তদন্তকারী কর্মকর্তাকে বিলম্বের কারণ উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের কাছে সময় বাড়ানোর আবেদন করতে হয়। তাই বিধানটির প্রয়োগের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তৃতীয় ধাপে, ৯১ থেকে ১২০ দিনের মধ্যে অভিযোগ গঠন, আসামিপক্ষকে প্রয়োজনীয় সব নথির অনুলিপি সরবরাহ এবং সাক্ষ্যগ্রহণের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করতে হবে। চতুর্থ ধাপে, ১২১ থেকে ২৭০ দিনের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত শুনানির ব্যবস্থা করতে হবে। এ সময়ে অপ্রয়োজনীয় মুলতবি এড়িয়ে বিচারককে নিয়মিত শুনানির মাধ্যমে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে। পঞ্চম ধাপে, ২৭১ থেকে ৩৩০ দিনের মধ্যে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন, প্রমাণাদি পর্যালোচনা ও বিচারকের রায় প্রস্তুতের কাজ সম্পন্ন করতে হবে। ষষ্ঠ ও শেষ ধাপে, ৩৩১ থেকে ৩৬৫ দিনের মধ্যে উন্মুক্ত আদালতে চূড়ান্ত রায় ঘোষণা এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সময়াবদ্ধ বিচারিক পরিকল্পনা বাস্তবায়নে বিচারব্যবস্থার সার্বিক প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। এ লক্ষ্যে ছয়টি জরুরি সংস্কার বিবেচনা করা প্রয়োজন। প্রথমত, মামলার বিদ্যমান চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যাপ্তসংখ্যক বিচারক নিয়োগ দিতে হবে এবং শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে হবে। দ্বিতীয়ত, সমন্বিত ডিজিটাল কেস ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করে ই-ফাইলিং, ডিজিটাল সমন জারি ও অনলাইনে মামলার অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ দেশব্যাপী সম্প্রসারণ করা জরুরি। তৃতীয়ত, সাক্ষীদের সময়মতো আদালতে উপস্থিতি নিশ্চিত করতে উপযুক্ত ভাতা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দূরবর্তী স্থানে অবস্থানরত সাক্ষীদের ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির ব্যবহারও বাড়ানো প্রয়োজন। চতুর্থত, বিচারপ্রক্রিয়ায় অযৌক্তিক মুলতবি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বিচারিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট বার্ষিক ক্যালেন্ডার অনুসরণ নিশ্চিত করা। পঞ্চমত, পুলিশি তদন্তের মান বাড়াতে তদন্ত কার্যক্রমকে সাধারণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে পৃথক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। ষষ্ঠত, সরকারি আইনি সহায়তা বা লিগ্যাল এইড সেবা আরও সহজলভ্য করতে হবে, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো বিচারপ্রার্থী তাঁর আইনি অধিকার থেকে বঞ্চিত না হন। আইন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশের অধস্তন আদালতগুলোতে মোট ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ১১টি ফৌজদারি এবং ৪৯ হাজার ৭৩টি দেওয়ানি মামলা। এ পরিসংখ্যান থেকে বোঝা যায়, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিচারকেরা উল্লেখযোগ্যসংখ্যক মামলা নিষ্পত্তি করছেন। তবে শুধু নিষ্পত্তির সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়; বিচারপ্রক্রিয়ার মান বজায় রেখে দীর্ঘদিনের মামলাজট কমানোও সমান গুরুত্বপূর্ণ।

দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো দাবি থাকলেও বিচারপ্রক্রিয়ার গতি বাড়াতে গিয়ে সুবিচার ও আইনি সুরক্ষার অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদের ৩ দফায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির দ্রুত, প্রকাশ্যে বিচার পাওয়ার মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে। এ ক্ষেত্রে বিচার হতে হবে স্বাধীন, নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে। বিচারপ্রক্রিয়ায় গতি আনতে গিয়ে আসামির আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ সংকুচিত করা, উপযুক্ত আইনি সহায়তার অধিকার খর্ব করা কিংবা উপস্থাপিত প্রমাণের বস্তুনিষ্ঠতা যাচাই না করে তড়িঘড়ি সিদ্ধান্ত দেওয়া সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী হবে। দ্রুত বিচার বলতে আইনি প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব ও প্রশাসনিক সময়ের অপচয় রোধ করাকে বোঝায়। এর অর্থ প্রচলিত আইনি মানদণ্ড উপেক্ষা করা কিংবা যথাযথ বিচারিক পর্যালোচনা এড়িয়ে যাওয়া নয়। তাড়াহুড়ো করে ভুল রায় দেওয়া যেমন অন্যায়, তেমনি অহেতুক বছরের পর বছর বিচার বিলম্বিত করে বিচারপ্রার্থীকে নিঃস্ব করে দেওয়াও সমান অন্যায়। অতএব, সংবিধানপ্রদত্ত অধিকার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং বিচারিক সতর্কতা অক্ষুণ্ণ রেখে সময়মতো বিচার নিশ্চিত করাই হওয়া উচিত আমাদের বিচারব্যবস্থার মূল লক্ষ্য।

বিচার পেতে মানুষের বছরের পর বছর অপেক্ষার এই দীর্ঘস্থায়ী সংকট কথার ফুলঝুরি দিয়ে সমাধান করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সুদৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও সংস্কার উদ্যোগ। আদালতে দিনের পর দিন মামলা ঝুলে থাকার সংস্কৃতি কোনো স্বাধীন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বিচারিক ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রাতিষ্ঠানিক সংস্কার, আধুনিক তথ্যপ্রযুক্তির প্রয়োগ, সংশ্লিষ্ট সব পক্ষের জবাবদিহি নিশ্চিতকরণ এবং সময়াবদ্ধ বিচারিক পরিকল্পনার সমন্বিত বাস্তবায়নের মাধ্যমেই বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনা সম্ভব। আইনি সুরক্ষা পাওয়ার অধিকার যেন সংবিধানের পাতায় লেখা কিছু শব্দে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষও যেন বাস্তবে সেই অধিকার ভোগ করতে পারেন তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সময়মতো ন্যায়বিচার নিশ্চিত করা গেলে আইনের শাসন সুদৃঢ় হবে, বিচারহীনতার সংস্কৃতি দুর্বল হবে এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। এখনি প্রয়োজন প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে পদক্ষেপ নেওয়ার। যাতে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরতে থাকা মানুষের দীর্ঘশ্বাসের অবসান ঘটে এবং গড়ে ওঠে একটি গতিশীল, জনআস্থাভিত্তিক বিচারব্যবস্থা।

লেখক, রাকিবুল হাসান মুন্না
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১ নভেম্বর ২০২৬ তারিখে সময়ের আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।