শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ইসলাম: ঐক্যের ধর্ম, বিভাজনের নয়

Author

মোজাম্মেল হাসান আতিফ , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ পাঠ: ৬৪ বার

ইসলাম শান্তি, সাম্য, মানবতা এবং ঐক্যের এক শাশ্বত ধর্ম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, “আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” (সূরা আল—ইমরান: ১০৩)। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান বাংলাদেশে ইসলামের মৌলিক ও সার্বজনীন রূপটিকে পাশ কাটিয়ে এটিকে যেন একটি নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থ উদ্ধারের ‘বিজনেস মডেল’ বানিয়ে ফেলা হয়েছে। ইসলামের সুমহান আদর্শ আজ কতিপয় ব্যক্তির ব্যক্তিগত পান্ডিত্য জাহির এবং উপদলীয় কোন্দলের বলি হচ্ছে। ফলশ্রুতিতে, যে ধর্ম মানুষকে ঐক্যের সুতোয় বাঁধার কথা ছিল, আজ তা এক ধরণের টক্সিসিটি বা বিষাক্ত বিভাজনের শিকার।

প্রকৃতপক্ষে আলেম বা ধর্মীয় পন্ডিতদের দায়িত্ব ছিল মানুষকে সৎ, নৈতিক, খোদাভীরু এবং ঈমানদার হিসেবে গড়ে তোলা। তাদের কাজ ছিল সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখানো। কিন্তু বর্তমান বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের দিকে তাকালে দেখা যায় এক ভিন্ন চিত্র। একশ্রেণীর বক্তা ওলামায়ে কেরামের নামের আড়ালে নিজেদের নামের পাশে পিএইচডি বা উচ্চতর ডিগ্রির লেবেল সাঁটিয়ে সাধারণ মানুষের মাঝে বিভাজন তৈরিতে ব্যস্ত। তাদের মূল লক্ষ্য আর ইসলামের সাধারণ মানুষকে নৈতিকতার সবক দেওয়া বা সততার পথে আহ্বান করা নয়; বরং তাদের লক্ষ্য হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং শাখা—প্রশাখাভিত্তিক মাসআলা নিয়ে জনসমক্ষে বিতর্ক সৃষ্টি করা। কারণ, তারা হয়তো মনে করেন, সহজ—সরল ভাষায় সততা ও মানবতার কথা বললে তাদের উচ্চতর ‘পাণ্ডিত্য’ প্রকাশিত হয় না। পাণ্ডিত্য প্রকাশের মোক্ষম হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছেন মতপার্থক্যের বিষয়গুলোকে, যা সাধারণ মুসলমানদের কাতারকে শক্ত করার বদলে চিরতরে ভেঙে দিচ্ছে।

সাহাবায়ে কেরাম (রা.) এবং পূর্বসূরি সালাফগণ ইসলাম প্রচার করেছিলেন সাম্য, ইনসাফ ও চরিত্রের মাধ্যমে। তাঁরা মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। অথচ বর্তমান বাংলাদেশে এমন সব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও বিতর্ক করা হয়, যা ইসলামের মৌলিক কাঠামোর অংশ নয়।
‎এর জলন্ত উদাহরণ হলো—নামাজে হাত কোথায় বাঁধবে (নাভির উপরে নাকি নিচে, কিংবা বুকে), রফউল ইয়াদাইন করা বা না করা, কিংবা আমিন সশব্দে বলা বা মনে মনে বলার মতো ফিকহি ইখতিলাফি (মতপার্থক্যের) বিষয়গুলোকে আজ আকাশচুম্বী করে তোলা হচ্ছে। আশ্চর‌্যের বিষয় হলো, এই গৌণ বিষয়গুলোর কারণে আজ পাড়ায় পাড়ায় মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে! একই রবের ইবাদত করার জন্য নির্মিত পবিত্র গৃহগুলো আজ গোঁড়ামি আর সংকীর্ণতার কারণে বিভক্ত। সাহাবায়ে কেরাম বা রাসূলুল্লাহ (সা.) কি এমন বিভাজনের ইসলাম প্রচার করেছিলেন? নবীজির যুগে তো সাহাবিদের মাঝে ফিকহি বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু তা কখনো মুসলমানদের কাতারকে দ্বিধাবিভক্ত বা ইমানি ভ্রাতৃত্ব—কে ধ্বংস করতে পারেনি।

‎আজকাল ইসলাম প্রচারের মাধ্যমগুলোও এক ধরণের অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। ওয়াজ—মাহফিল বা মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এখন হিতোপদেশ বা চরিত্রগঠনমূলক আলোচনার চেয়ে বেশি দেখা যায় অন্যের আকীদা নিয়ে টানাটানি, একে অপরকে গোমরাহ বা কাফের সাব্যস্ত করার প্রবণতা। এই টক্সিক কালচার বা বিষাক্ত পরিবেশ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মনে তীব্র বিভ্রান্তি তৈরি করছে।
‎ধর্মকে পুঁজি করে এক ধরণের ব্যবসায়িক সিন্ডিকেট বা পপুলারিটির লড়াই শুরু হয়েছে। কে কার চেয়ে বড় পন্ডিত, কার ওয়াজে কত বেশি ভিউ হলো, কিংবা কে প্রতিপক্ষকে তাত্ত্বিক যুক্তিতে কুপোকাত করল—এটাই যেন এখন সাফল্যের মাপকাঠি। এর ফলে সাধারণ মানুষ ইসলামের প্রকৃত সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছে এবং সমাজে বাড়ছে অসহিষ্ণুতা। দুঃখজনকভাবে, এই বিভাজন ও অসহিষ্ণুতার কারণে নাস্তিক ও ধর্মবিমুখ সমাজের একটি অংশ ইসলামের প্রকৃত সৌন্দর্য, মানবিকতা ও শান্তির বার্তাকেও বিকৃত ও কুৎসিত দৃষ্টিতে দেখতে শুরু করে।
‎
‎ইসলাম কখনো সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ নয়। ইসলাম চায় মানুষ ঝগড়া—বিবাদ ভুলে এক আল্লাহর ইবাদতে একত্রিত হোক। এই টক্সিসিটি ও বিভাজনের বেড়াজাল ভেঙে আমাদের ফিরে যেতে হবে সেই ইসলামের দিকে, যা মদিনার সনদে সমস্ত জাতিকে ঐক্যের সুতায় বেঁধেছিল।
‎আমাদের বুঝতে হবে যে, ইসলামের মূল সৌন্দর্য তার মৌলিক আকিদা, সততা, তাকওয়া এবং নৈতিকতায়। শাখা—প্রশাখার মতপার্থক্য ইসলাম ধর্মের ইতিহাস জুড়েই ছিল এবং তা মুজতাহিদ আলেমদের ইজতিহাদের ফল। এটিকে বিভাজনের হাতিয়ার বানানো চরম অজ্ঞতা। ইসলাম বিভাজনের নয়, ইসলাম চিরকালই কেবল ঐক্যের ও মানবতার প্রতীক।
‎
‎

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।