ইতিহাসের মুসাফির
আমি ইতিহাসের এক মুসাফির।
আমার আলখাল্লায় দেড় সহস্রাব্দের ধুলো,
আমার চোখে আরশ ছোঁয়া স্বপ্ন,
আমার হৃদয়ে উম্মাহর হারানো দিনের দীর্ঘশ্বাস।
আমি মক্কার আকাশে দেখেছি হিজরতের চাঁদ,
হেরার গুহায় শুনেছি তাওহীদের ধ্বনি।
আমি হেঁটেছি মদিনার পথে,
বদরের বালুচরে আজও যেন
শহিদের খুনে লেখা আছে বিজয়ের নাম।
আমি ছুটেছি সিন্ধুর দিকে,
যেখানে মুহাম্মদ বিন কাশিমের অশ্বের ক্ষুরধ্বনি
দাহিরের প্রাসাদ ভেঙেছিল;
মুলতানের প্রাচীরে প্রাচীরে আজও শুনি
সেই বিজয়যাত্রার প্রতিধ্বনি।
সমরকন্দ! হে নীল গম্বুজের নগরী,
বুখারা! হে ইলমের মিনার,
কুতাইবার অভিযানের স্মৃতি পেরিয়ে
আমি খুঁজেছি সেই কাফেলা,
যাদের হাতে তরবারির সাথে ছিল আল-কুরআন।
দামেস্কের সন্ধ্যায় দাঁড়িয়ে
আমি শুনেছি শত যুদ্ধের দাস্তান।
হিত্তিনের প্রান্তরে সালাহউদ্দিনের নাম
আজও বাতাসে উচ্চারিত হয়।
আল-কুদসের পাথরে হাত রেখে
অনুভব করেছি–
এ শহর উম্মাহর আত্মার ঠিকানা।
জিব্রাল্টারের পাহাড়ে দাঁড়িয়ে–
দেখেছি তারেকের স্বপ্নের দিগন্ত;
কর্ডোভার মিনারে সন্ধ্যা নামে,
গ্রানাডার আলহামরা কাঁদে।
আহ! কোথায় গেল সেই আন্দালুস,
যার প্রতিটি পাথরে লেখা ছিল
ইলম, শিল্প আর মুসলিম সভ্যতার কবিতা।
মানজিকার্টের প্রান্তরে
আল্প আরসালানের তাকবির শুনি;
কোনিয়ার পথে রুমির বাঁশি।
বুরসা থেকে এর্দিনে,
এর্দিনে থেকে ইস্তাম্বুল।
বসফরাসের বুকে ভেসে আসে
মুহাম্মদ আল-ফাতিহের বিজয়ের সুর।
আমি ঘুরেছি কাইরুয়ান,
ফেজ, মারাকেশ, তিমবুকতুর পথে;
সাহারার বুকে দেখেছি কাফেলার পদচিহ্ন,
প্রাচীন মাদরাসার নিভু নিভু প্রদীপে
খুঁজেছি জ্ঞানপিপাসু মানুষের মুখ।
কত নগরী, কত মিনার,
কত সুলতান, কত সালতানাত!
কোথাও আজান বেঁচে আছে,
কোথাও কেবলই ধ্বংসস্তূপ;
কোথাও ইতিহাস বিজয়গাথা,
কোথাও পরাজয়ের ঐশী পরিক্ষা।
আমি কাঁদি না কেবল অতীতের জন্য,
আমি ফিরতে চাই না শুধু হারানো সিংহাসনে।
আমি খুঁজি সেই ঈমান,
সেই ইলম, সেই আদল,
যে আলোয় একদিন জেগেছিল
আরবের মরুর বুকে এক ইনসাফের সভ্যতা।
আমি ইতিহাসের এক মুসাফির।
আমার সফর শেষ হয়নি আজও;
মক্কা থেকে সমরকন্দ,
সিন্ধু থেকে আন্দালুস,
কুদস থেকে ইস্তাম্বুল–
আমার হৃদয়ে আজও জেগে আছে
এক উম্মাহর বিস্তৃত মানচিত্র।
আমি চলেছি ইতিহাসের পথে,
আত্মপরিচয়ের সন্ধানে।
